প্রধানমন্ত্রীর প্রশংসায় সম্রাট বাবরের উদাহরণ টানলেন স্বাস্থ্যমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

সবার জন্য স্বাস্থ্য—নীতির আলোকে বর্তমান সরকারের লক্ষ্য হলো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং প্রত্যেক নাগরিককে সম্মানের সঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান করা বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান উত্থাপিত সিদ্ধান্ত-প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সিদ্ধিরগঞ্জের জনসংখ্যার ঘনত্ব এবং কর্মমুখী জীবনযাত্রার কারণে স্বাস্থ্যসেবার চাহিদা তুলনামূলকভাবে অধিক। এ বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।’

তিনি জানান, সিদ্ধিরগঞ্জ থেকে সড়ক পথে ১৩ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ সদর উপজেলার নিতাইগঞ্জ এলাকায় ১০০ শয্যা ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল রয়েছে। এছাড়া সিদ্ধিরগঞ্জ থেকে সড়ক পথে ১০ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের খানপুর এলাকায় ৩০০ শয্যার হাসপাতাল রয়েছে। ৩০০ শয্যার এই জেনারেল হাসপাতালটি ৫০০ শয্যায় রূপান্তরের ভৌত অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে।

সাখাওয়াত বলেন, ‘সম্রাট বাবর যখন ভারত শাসন করতেন, উনার জনকল্যাণমুখী, মানবপ্রেমী শাসনব্যবস্থাকে চির স্মরণীয় করার লক্ষ্যে কবি কালিদাস রায় “বাবুরের মহত্ত্ব” নামে একটি কবিতা লিখেছিলেন। এই কবিতার শেষ অংশে ছিল—“হিন্দুর-হৃদি জিনিবার লাগি করিতেছে সুশাসন, ধরিয়া ছদ্মবেশ”। সম্রাট বাবর সকল মানবগোষ্ঠীর জন্য দরদ দিয়ে কাজ করেছেন। তবু তার ভেতরে ব্যতিক্রমধর্মীভাবে হিন্দুদের জন্য বিশেষভাবে উনি কাজ করতেন এবং হিন্দুদের হৃদয় জয় করার জন্য উনি বিশেষ কার্যক্রম গ্রহণ করতেন।’

প্রধানমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য চলাকালে সংসদে প্রধানমন্ত্রী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

আমি সেই আলোকে বলতে চাই, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের জনকল্যাণমুখী প্রত্যেকটি প্রতিষ্ঠানের উন্নয়ন করতে চাচ্ছেন। দরদ দিয়ে, প্রেম দিয়ে, কল্যাণের চিন্তা করে এবং তারই আলোকে উনার চারিত্রিক সেই বৈশিষ্ট্যের দিকে লক্ষ্য রেখে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের সব খাতে উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। সব ক্ষেত্রে সব মানুষের কল্যাণ করার চিন্তা করা হচ্ছে, যোগ করেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, শিল্পাঞ্চল ও ঘনবসতিপূর্ণ এলাকাগুলোতে স্বাস্থ্যসেবা জোরদার করার বিষয়টি নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছে।

তিনি বলেন, সিন্ধু উপত্যকার সভ্যতা যখন গড়ে উঠেছিল, তার সঙ্গে হরপ্পা-মহেঞ্জোদারো যেমন আজও ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে, ঠিক ভারত উপমহাদেশের সভ্যতার সঙ্গে, ব্যবসা-বাণিজ্যে চট্টলার ইতিহাসের সঙ্গে নারায়ণগঞ্জের ব্যবসার ইতিহাস বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে।

সিদ্ধিরগঞ্জ সরকারের উন্নয়ন পরিকল্পনার বাইরে নয় জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিছানা ও রোগীর সংখ্যানুপাত দেখে সরকার যদি প্রয়োজন মনে করে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে ২০০ শয্যার নতুন হাসপাতাল প্রতিষ্ঠায় নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের প্রস্তাব বিবেচনা করা হবে।