ফতুল্লায় লুটপাটের অভিযোগে আটক ৫ জনকে পুলিশের কাছ থেকে ছিনতাই

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের ফতুল্লায় লুটপাটের অভিযোগে আটক পাঁচজনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।

আজ বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগের হাশেম বাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (‘ক’ সার্কেল) মো. হাসিনুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলের বাড়িতে লুটপাটের অভিযোগ পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে লুটপাটে বাধা দিয়ে পাঁচজনকে আটক করে পুলিশ। পরে তাদের বন্ধু-বান্ধব, সহযোগীরা জড়ো হয়ে পুলিশের কাছে থেকে আটক ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যায়।

হাসিনুজ্জামান বলেন, এ ঘটনায় পুলিশের কোনো সদস্য আহত হননি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুব আলম ডেইলি স্টারকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।