ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির জানাজা সম্পন্ন

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

গতকাল বুধবার স্থানীয় সময় দুপুর ২টায় টাম্পা এলাকায় এই জানাজা সম্পন্ন হয়।

ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা আজ এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার অনেক শিক্ষার্থী ও শিক্ষক এবং বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানাজায় অংশ নেন।

মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনসুলেটের একজন প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন বলেও জানান তিনি।

জানাজা শেষে বৃষ্টির মরদেহ একটি ফিউনারেল সার্ভিস প্রতিষ্ঠানের কাছে হস্তান্তর করা হয়। প্রতিষ্ঠানটি আজ (৭ মে) অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে মরদেহ ঢাকার উদ্দেশে পাঠাবে।

অরল্যান্ডো বিমানবন্দরেও মিয়ামি বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি উপস্থিত থাকবেন।

আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি ঢাকা পৌঁছানোর কথা রয়েছে।

ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাস, মিয়ামি কনসুলেটের সাথে সমন্বয় করে এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরামর্শে পুরো প্রক্রিয়াটি তদারকি করছে।

নাহিদা সুলতানা বৃষ্টি এবং নিহত অন্য আরেক বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশে পাঠানোর সমস্ত খরচ বহন করছে বাংলাদেশ সরকার।

জামিল লিমনের মরদেহ গত সোমবার (৪ মে) ঢাকা পৌঁছায়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বিমানবন্দরে উপস্থিত থেকে লিমনের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন বলে ওই পোস্টে উল্লেখ করা হয়।

হিলসবোরো কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছ থেকে গত ২৪ এপ্রিল বেশ কয়েকটি কালো আবর্জনার ব্যাগ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়। সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর এ তথ্য মেলে।

লিমনের মরদেহ উদ্ধারের দুই দিন পর ২৬ এপ্রিল হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের কাছের একটি ম্যানগ্রোভ অঞ্চলে কয়েকজন জেলে একটি কালো পলিথিন ব্যাগ দেখতে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগের ভেতরে বৃষ্টির মরদেহের অংশ পায়।