রাশিয়ায় ‘মানব পাচার’: বাংলাদেশের ট্রাভেল এজেন্সির ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

ইউএনবি

রাশিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। এই নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সিও। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মানুষকে ধোঁকা দিয়ে রাশিয়ায় পাঠিয়ে যুদ্ধে অংশ নিতে বাধ্য করার অভিযোগ আনা হয়েছে।

নিষেধাজ্ঞার মুখে পড়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশের ‘ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরস লিমিটেড’-এর নাম আছে।

ঢাকায় ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, এই ট্রাভেল এজেন্সির বিরুদ্ধে বাংলাদেশিদের প্রতারণা ও টাকা আদায়ের অভিযোগ আছে। রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাংলাদেশিদের সেখানে পাঠানো হতো বলে অভিযোগ উঠেছে।

গত ৫ মে এই নতুন নিষেধাজ্ঞার কথা প্রকাশ করা হয়। এতে মোট ৩৫ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এর মধ্যে মানব পাচারে জড়িত ব্যক্তি ও রাশিয়ার সামরিক ড্রোন শিল্পে যন্ত্রাংশ সরবরাহকারী প্রতিষ্ঠানও রয়েছে।

যুক্তরাজ্য জানিয়েছে, রাশিয়ার সামরিক সাপ্লাই চেইন ভাঙতে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যারা বিদেশিদেরকে যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে রাশিয়ার হয়ে লড়াই করাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।