দেশের পথে যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির মরদেহ
যুক্তরাষ্ট্রে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে আসছে শনিবার সকালে।
ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়েছে।
মরদেহ বহনকারী এমিরেটসের ফ্লাইটটি ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থানীয় সময় রাত ৮টা ৫০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
মিয়ামির বাংলাদেশ কনস্যুলেটের একজন প্রতিনিধি বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
গোলাম মোর্তোজা তার পোস্টে জানান, এই যাত্রায় ট্রানজিট হবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। পরে আরেকটি ফ্লাইট বৃষ্টির মরদেহ নিয়ে ঢাকায় পৌঁছাবে আগামীকাল শনিবার (৯ মে) সকাল ৮টা ৪০ মিনিটে।
সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি গত ১৬ এপ্রিল নিখোঁজ হন।
পরে ২৪ এপ্রিল লিমন এবং ২৬ এপ্রিল বৃষ্টির মরদেহ পাওয়া যায়।
গত সোমবার ৪ মে লিমনের মরদেহ দেশে পৌঁছায়।