পুলিশ সপ্তাহে পদক প্রদান স্থগিত
বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতির পুলিশ পদকের (পিপিএম) জন্য মনোনীত ১০৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্যকে পদক প্রদান স্থগিত করা হয়েছে।
শনিবার পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (ক্রাইম অ্যান্ড অপারেশনস) রফিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রোববার পুলিশ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে এসব পদক দেওয়ার কথা ছিল।
পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক রফিকুল ইসলাম বলেন, পদকের জন্য রাষ্ট্রপতির সই প্রয়োজন। কিন্তু তিনি আজ সকালে দেশ ত্যাগ করেছেন। হয়তো এটি পদক প্রদান স্থগিত হওয়ার একটি কারণ।
বিতর্কিত কয়েকজন কর্মকর্তার মনোনয়ন নিয়ে সমালোচনার কারণে পদক প্রদান স্থগিত হয়েছে কি না, জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ১০৭ জনকে সবাই যোগ্য মনে করবেন না, এটাই স্বাভাবিক। একজনের কাছে যিনি যোগ্য, অন্যজনের কাছে তিনি যোগ্য নাও হতে পারেন।
তিনি আরও বলেন, তবে পুলিশ সপ্তাহের নির্ধারিত অনুষ্ঠানগুলো যথারীতি চলবে। পরে পদক দেওয়া হবে।
পদকের জন্য মনোনীত এক উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে বলেন, পদক সংক্রান্ত কোনো সরকারি আদেশ এখনো জারি করা হয়নি।
তিনি বলেন, রোববার অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্যও আমাদের বলা হয়নি। শুনেছি, কিছু বিতর্কিত জ্যেষ্ঠ কর্মকর্তাকে পদকের জন্য মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।