সাজেকের সড়কে আগুন জ্বালিয়ে ইউপিডিএফের আধাবেলা অবরোধ
রাঙ্গামাটির বাঘাইছড়িতে সাজেকে নিজ দলের এক সদস্যকে গুলি করে হত্যার প্রতিবাদে আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ সকাল ৬টা থেকে শুরু হওয়া কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলে।
সকাল থেকে সাজেকের রাস্তার বিভিন্ন জায়গায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ সদস্যদের পিকেটিং করতে দেখা যায়। অবরোধের কারণে সাজেক-দীঘিনালা সড়ক ও মারিশ্যা-দীঘিনালা সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। এ সময় সাজেকের পর্যটকবাহী গাড়ি চলাচলও বন্ধ থাকে।
সাজেক রিসোর্ট-কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ বলেন, ‘অবরোধের কারণে সকাল থেকে কোনো পর্যটকবাহী গাড়ি আসা-যাওয়া করতে পারেনি। দুপুরের পর পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো গাড়ি চলাচল শুরু করবে। সাজেকে এখন পর্যটকের সংখ্যা একেবারেই কম।’
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, ‘সড়ক অবরোধ কর্মসূচিতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।’
গত শনিবার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শুকনোছড়া এলাকায় ইউপিডিএফ কর্মী হেগেরা চাকমাকে (৪৯) গুলি করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে সাজেক পর্যটনকেন্দ্রের প্রধান সড়কে আধাবেলা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।