সোনারগাঁয়ে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে ১২ জন দগ্ধ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জেরা মেঘনাঘাট বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণে অন্তত ১২ জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
আজ বুধবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা নাজমুল শেখ (৪০), সাইফুল ইসলাম (৩০), রামিজুল (৪৫), তুহিন শেখ (৩০), মনির হোসেন (৪৫), ওসমান গনি (৩০), সুপ্রভাত ঘোষ (৪২) বদরুল হায়দার (৫০), ক্যান্টিন বয় মো. আমির (২৫) শংকর (২৫) কাওছার (৩০) ও আল আমিন (৪৫)।
বিদ্যুৎকেন্দ্রের সেফটি কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, তিনি ক্যান্টিনে দুপুরের খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিলেন। তখন কিচেনের ভেতরে একটি বিস্ফোরণ হয়। এতে ১২ জন দগ্ধ হন।
তিনি বলেন, তাদের উদ্ধার করে ঢাকায় বার্ন ইনস্টিটিউটে নেওয়া হয়। রান্না শেষে কেউ একজন চুলা চালু করে রেখেছিল। এরপর ম্যাচ জ্বালাতেই বিস্ফোরণে আগুন ধরে যায়।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, দুপুরে হাসপাতালে ১২ জন রোগী এসেছেন। কার কত শতাংশ পুড়ে গেছে তা দেখা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।