ঈশ্বরদীতে স্কুলে বিষক্রিয়ায় অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ
পাবনার ঈশ্বরদীতে বিষক্রিয়ায় একটি বিদ্যালয়ের অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়েছে।
আজ বুধবার দুপুরে ঈশ্বরদীর মুলাডলি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
অসুস্থ ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ঈশ্বরদীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মোহাম্মদ শোয়াইব দ্য ডেইলি স্টারকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ক্লাস চলাকালে বিদ্যালয়ের বাথরুমে একটি বিষের বোতল ভেঙে গেলে প্রথমে ২ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। তাদের দেখতে গিয়ে একে একে অন্তত ৪০ শিক্ষার্থী অসুস্থ হয়।
খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
দ্রুত চিকিৎসা পাওয়ায় সবাই এখন ভালো আছে বলে জানান ইউএনও।
জানত চাইলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাসনা রানি ডেইলি স্টারকে জানান, 'শিক্ষার্থীদের অসুস্থতার খবর তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানানো হয়। পরে দ্রুত শিক্ষার্থীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।'
ইউএনও বলেন, 'বিদ্যালয়ের বাথরুমে কীভাবে বিষের বোতল এলো, সেটি তদন্ত করে বের করা হবে। এর সঙ্গে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থ নেওয়া হবে।'
এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।