সাভারে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ কিশোরসহ গ্রেপ্তার ৩

নিজস্ব সংবাদদাতা, সাভার

সাভারের আশুলিয়ায় ১৬ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কিশোরসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷

আজ রোববার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—সুমন শেখ (২২) ও ১৬ বছর বয়সী দুই কিশোর।

পুলিশ জানায়, গতকাল শনিবার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ওই কিশোরীকে সুমনসহ চারজন ধর্ষণ করে।

ওসি তরিকুল ইসলাম বলেন, গতকাল দুপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে আটক করে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ কিশোরী ও অভিযুক্ত তিনজনকে থানায় নিয়ে আসে।

‘পরে রাতে দুই কিশোরসহ চারজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে কিশোরী। আজ তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে’, বলেন তিনি।

তরিকুল বলেন, স্বাস্থ্য পরীক্ষার জন্য ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।