আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ৮

স্টার অনলাইন রিপোর্ট

সাভারের আশুলিয়ায় একটি কারখানার পার্কিং এলাকায় লরিতে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহত আরও একজন মারা গেছেন। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে।

আহত নুর ইসলাম (৩০) আজ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বলে নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক সার্জন ডা. হারুনুর রশিদ।

তিনি জানান, নুর ইসলামের শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তার শ্বাসনালিও দগ্ধ হয়েছিল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম আটজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নুরের ভাগনে মো. মাসুদ রানা জানান, নুরের বাড়ি বাগেরহাটে হলেও তিনি ভোলায় বসবাস করতেন এবং গ্যাস পরিবহনকারী লরির চালক হিসেবে কাজ করতেন। বিস্ফোরণের কিছুক্ষণ আগে তিনি লরি নিয়ে আশুলিয়ার ওই কারখানায় এসেছিলেন।

পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাদের বরাতে জানা যায়, রোববার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের দিকে আশুলিয়ায় প্রিটি গ্রুপের একটি পোশাক কারখানার সামনে পার্ক করে রাখা লরিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ধরে যায়।

ঘটনাস্থলে পোড়া একটি গাড়ি থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়। এ ছাড়া, বিস্ফোরণের ছিটকে আসা ধ্বংসাবশেষের আঘাতে এক পথচারী নিহত হন।

পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।