বঙ্গোপসাগরে নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার
বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে নিখোঁজ হওয়ার দুই দিন পর এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কুয়াকাটা সৈকতের লেম্বুর বন-সংলগ্ন সমুদ্র এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত শাহাবুদ্দিন মাঝি লক্ষ্মীপুরের রায়পুর থানার চর গাছিয়া এলাকার আমির হোসেনের ছেলে।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার দ্য ডেইলি স্টারকে বলেন, শাহাবুদ্দিনসহ কয়েকজন জেলে ২৩ জুন ভোরে গঙ্গামতি এলাকা থেকে ট্রলারযোগে গভীর সমুদ্রে মাছ ধরতে যান। সকাল ১০টার দিকে হঠাৎ ঝড়ো বাতাসে উত্তাল সমুদ্রে শাহাবুদ্দিন মাঝি ট্রলার থেকে ছিটকে পানিতে পড়ে যান। সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে তীরে ফিরে আসেন।
তিনি বলেন, আজ দুপুরে লেম্বুর বনঘাট এলাকার কয়েকজন জেলে গভীর সমুদ্রে একটি মরদেহ ভাসতে দেখে শাহাবুদ্দিনের স্বজনদের খবর দেন। পরে শাহাবুদ্দিনের পরিবারের সদস্যরা অন্য একটি ট্রলারের সহায়তায় ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে তীরে নিয়ে আসেন।
শামীম হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।