ফটোস্টোরি

ইলিশ ধরা নিষিদ্ধের আগে...

স্টার অনলাইন রিপোর্ট

মধ্যরাতের পর বঙ্গোপসাগর ও সংলগ্ন নদ-নদীতে আর জাল ফেলতে পারবেন না জেলেরা। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশসহ সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ছবি: রাজিব রায়হান/স্টার
ছবি: রাজিব রায়হান/স্টার

এ সময়ে ইলিশ পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়ও নিষিদ্ধ। তাই নিষেধাজ্ঞা শুরুর আগের দিন নদীর ঘাট ও মাছের বাজারগুলোতে ছিল শেষ মুহূর্তের ব্যস্ততা।

ছবি: রাজিব রায়হান/স্টার
ছবি: রাজিব রায়হান/স্টার

কীর্তনখোলা নদীতে জাল ফেলে মাছ ধরায় ব্যস্ত সময় পার করতে দেখা গেছে জেলেদের। মধ্যরাতের পর নদী ও সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে—তাই নিষেধাজ্ঞার আগে যতটা সম্ভব মাছ ধরার চেষ্টা ছিল তাদের।

ছবি: টিটু দাস/স্টার
ছবি: টিটু দাস/স্টার

সাগর থেকে ধরে আনা মাছও রাতের মধ্যেই বিক্রি করে দিতে হচ্ছে জেলেদের। আর সরবরাহ বেশি থাকায় তুলনামূলক কম দামে মাছ কেনার সুযোগ হাতছাড়া করতে চাননি ক্রেতারাও। ফলে আজ বিভিন্ন এলাকা থেকে ক্রেতাদের ভিড় জমেছে পিরোজপুর সদর উপজেলার পাড়েরহাট মৎস্য বন্দরে।

ছবি: হাবিবুর রহমান/স্টার
ছবি: হাবিবুর রহমান/স্টার

পাড়েরহাট মূলত একটি পাইকারি মাছের বাজার। সাধারণত এখানে সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে মাছের বেচাকেনা শেষ হয়ে যায়। তবে নিষেধাজ্ঞার আগের দিন চিত্র ছিল ভিন্ন। পাইকারি ক্রেতাদের পাশাপাশি খুচরা ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাছ বিক্রি গভীর রাত পর্যন্ত চলবে।

ছবি: হাবিবুর রহমান/স্টার
ছবি: হাবিবুর রহমান/স্টার

বাজারে সরবরাহ বেশি থাকায় তুলনামূলক কম দামে বিভিন্ন প্রজাতির মাছ কিনতে পারছেন ক্রেতারা। ১০০ থেকে ৫০০ টাকার মধ্যেই মিলছে বিভিন্ন ধরনের মাছ।