ছাত্রদল-শিবিরের উত্তেজনা: ঝিনাইদহ কেসি কলেজে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ

নিজস্ব সংবাদদাতা, ঝিনাইদহ

ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের দ্বন্দ্বের জেরে আগামীকাল বৃহস্পতিবার পাঠদান বন্ধ ঘোষণা করেছে ঝিনাইদহ সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজের একাডেমিক কাউন্সিল। একইসঙ্গে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে।

আজ বুধবার কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আজ ১১৬তম একাডেমিক কাউন্সিলের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় ক্যাম্পাসে সব ধরনের সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। এছাড়া শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আগামীকাল বৃহস্পতিবার সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

কলেজ প্রশাসন সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও শিবিরের মধ্যে উত্তেজনা তৈরি হয়। ওইদিন ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এর মধ্যেই শহরে পাল্টাপাল্টি মিছিল করে ছাত্রদল ও শিবির।

এদিকে, বৃহস্পতিবার সকালে কলেজ ক্যাম্পাসে শিবিরের একটি সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা ছিল।

এ বিষয়ে কেসি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহরিয়ার মো. মাহবুব ইসলাম দ্য ডেইলি স্টারকে বলেন, কয়েকদিন ধরে কলেজ ক্যাম্পাসে শিবিরের উদ্যোগে নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানের আয়োজন চলছে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে। আমরা সব অতিথিকে দাওয়াত দিয়েছি। এর মধ্যে গত ৫ তারিখে ছাত্রদলের সঙ্গে ঝামেলা হয়। এই ঘটনা নিয়ে আজ কলেজ প্রশাসন বিজ্ঞপ্তি দিয়েছে। তবে অনুষ্ঠানটি কলেজে না করার বিষয়ে আমরা এখনো কোনো সিদ্ধান্ত নিইনি।

জানতে চাইলে কেসি কলেজ ছাত্রদলের সভাপতি বাবর আলী মাহফুজ ডেইলি স্টারকে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে শিবিরের এক কর্মী ফেসবুকে পোস্ট দেন। আমরা শিবিরের নেতৃবৃন্দকে পোস্টটি ডিলিট করতে বলি। এ নিয়ে কথা-কাটাকাটি হয়।

এ বিষয়ে জানতে অধ্যক্ষ প্রফেসর মাসরুর উল আলমকে একাধিকবার ফোন করা হলেও ধরেননি।