১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
১০টি উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি থেকে চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও উড়োজাহাজ কেনা হবে। এর ফলে বাংলাদেশের পতাকাবাহী সংস্থাটির কেনার প্রক্রিয়ায় থাকা মোট উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ৩৫–এ।
আজ সন্ধ্যায় ঢাকার একটি হোটেলে চুক্তিতে সই করেন বিমানের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জার্গেন ওয়েস্টারমেয়ার।
বাংলাদেশ এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহের সময়সীমা এগিয়ে আনতে চায়। এ জন্য ২০২৬-২৭ সালের মধ্যে অন্তত একটি উড়োজাহাজ সরবরাহ করতে এয়ারবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত।
গতকাল মঙ্গলবার পর্যটনমন্ত্রী বলেছিলেন, বাংলাদেশ চায় ২০৩০ সালের আগেই এয়ারবাসের উড়োজাহাজ সরবরাহ শুরু হোক।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির এবং যুক্তরাজ্য, ফ্রান্স ও স্পেনের রাষ্ট্রদূত।
এয়ারবাসের পাশাপাশি যুক্তরাষ্ট্রের বোয়িং থেকেও ২৫টি উড়োজাহাজ কেনার পরিকল্পনা নিয়ে অগ্রসর হয়েছে বিমান। এর মধ্যে ১৩টি বোয়িং ৭৮৭-১০, দুটি ৭৮৭-৯ এবং ১০টি ৭৩৭-৮ মডেলের উড়োজাহাজ রয়েছে।
বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে মোট ১৯টি উড়োজাহাজ রয়েছে।