৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িক বাতিলের প্রস্তাব এমপি মাহবুব উদ্দিন খোকনের
মানুষের ঘরের টাকা ব্যাংকে নিতে ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়েছেন বিএনপির সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন।
আজ রোববার সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ প্রস্তাব দেন।
ব্যাংকিং খাতের ওপর মানুষের আস্থা কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘মানুষের ঘরে নগদ টাকা আছে। কিন্তু ব্যাংকের ওপর মানুষের আস্থা নাই। তাই ব্যাংকে টাকা রাখে না মানুষ।’
তিনি আরও বলেন, ‘যারা অতীতে টাকা বিদেশে পাচার করতে চেয়েছিলেন কিংবা স্বৈরাচারী শাসনের সঙ্গে যুক্ত ছিলেন, তারাও বিপুল পরিমাণ নগদ অর্থ রেখে গেছেন। ফলে একটি বিশাল অঙ্কের অর্থ ব্যাংকিং ব্যবস্থার বাইরে রয়ে গেছে।’
নোয়াখালী-১ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘অর্থের চরিত্র হচ্ছে—যেখানে নিরাপদ বোধ করবে, সেখানেই থাকবে। আমাদের সিস্টেম চেঞ্জ করতে হবে। তাহলেই মানুষ নিরাপদ বোধ করবে ও বিদেশ থেকে টাকা দেশে চলে আসবে।’
এ সময় ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব দিয়ে তিনি বলেন, ‘আমরা যদি নোটগুলো বাতিল করে দুই মাসের মধ্যে ব্যাংকে জমা দেওয়ার সুযোগ দেই, তাহলে যাদের ট্যাক্স ফাইল নেই, তারা ২৫ শতাংশ কর দিয়ে তা বৈধ করতে পারবেন।’
মাহবুব উদ্দিন বলেন, এর ফলে অর্থ বৈধ হবে, যা বিনিয়োগ করলে দেশের অর্থনীতির চাকা ঘুরবে এবং বাজেট ঘাটতিও পূরণ হবে।