হবিগঞ্জে বিশ্বকাপের ম্যাচ দেখার সময় চেয়ারে বসা নিয়ে সংঘর্ষ, আহত ২০

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার

হবিগঞ্জ সদর উপজেলায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখার সময় চেয়ারে বসাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আজ রোববার বিকেলে উপজেলার উচাইল বাগেরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে আর্জেন্টিনা ও জর্ডানের মধ্যকার ফুটবল ম্যাচ দেখার সময় বাগেরহাটি গ্রামের জাদু মিয়া ও বাবুল মিয়ার মধ্যে চেয়ারে বসা নিয়ে কথা কাটাকাটি হয়।

ওই বিরোধের জেরে বিকেলে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের প্রায় ২০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

ওসি জাহিদুল হক বলেন, 'ফুটবল খেলা দেখা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়েছিল। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।'