তনু হত্যা মামলা: হাইকোর্টের জামিনে মুক্ত সাবেক সেনাসদস্য হাফিজুর
কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী তনু হত্যা মামলায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর রহমানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫ মিনিটে কুমিল্লার কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান।
কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. শাহ আলম খান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ আগস্ট মামলার শুনানি শেষে হাফিজুর রহমানকে জামিন দেন হাইকোর্টের বিচারপতি জাকির আহমেদ ও বিচারপতি সাথীকা হোসাইনের বেঞ্চ।
জামিনের বিষয়ে জানতে চাইলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানম বলেন, ‘আমি কিছু জানি না।’
তনু হত্যার দীর্ঘ ১০ বছর পর চলতি বছরের ২২ এপ্রিল রাতে ঢাকার কেরানীগঞ্জ থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে পিবিআই।
পরদিন তাকে আদালতে হাজির করা হলে বিচারক কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তরিকুল ইসলাম ডেইলি স্টারকে বলেন,তনু হত্যা মামলায় হাফিজুর রহমানকে গ্রেপ্তারের পর তার ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ডিএনএ-সংক্রান্ত প্রতিবেদন আদালতে জমা দেওয়া হয়েছে।