ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট

স্টার অনলাইন রিপোর্ট

আবারও ফিরল সরকারের বিভিন্ন মন্ত্রণালয়-দপ্তরের ওয়েবসাইট। এখন এসব ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে এসব ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলেও সফল হওয়া যায়নি। পরে দুপুর পৌনে ১২টার দিকে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যায়।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তরের (পিআইডি) ওয়েবসাইটেও প্রবেশ করা যাচ্ছিল না। এসব ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলে স্ক্রিনে একটি ত্রুটি বার্তা প্রদর্শিত হচ্ছিল।

সেখানে লেখা ভাসছিল: Error 503 Backend fetch failed/ Backend fetch failed/ Guru Meditation: XID: 356823671/ Varnish cache server

gov.bd ডোমেইনের আরও কয়েকটি ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করলেও একই বার্তা দেখাচ্ছিল।

জানতে চাইলে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ দ্য ডেইলি স্টারকে বলেছিলেন, সমস্যা চিহ্নিত করা হয়েছে। ‘পাওয়ার ইস্যু’র কারণে ওয়েবসাইটগুলোতে প্রবেশ করা যাচ্ছে না। সমস্যা সমাধানে কাজ চলছে।