সাবেক প্রধান বিচারপতি খায়রুলের জামিন বহাল, কারামুক্তিতে বাধা নেই

স্টার অনলাইন রিপোর্ট

জুলাই গণঅভ্যুত্থানের সময় হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর বনানী থানায় করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাইকোর্টের দেওয়া অন্তর্বর্তীকালীন জামিন বহাল রেখেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।

হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে আজ সোমবার ‘নো অর্ডার’ আদেশ দেন চেম্বার বিচারপতি মো. রেজাউল হক।

খায়রুল হকের আইনজীবী মোনায়েম নবী শাহীন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘চেম্বার বিচারপতির আদেশের পর খায়রুল হকের কারাগার থেকে মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই।’

আজ খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মো. মোতাহের হোসেন সাজু। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ নাজমুল হাসান ছিদ্দিকী ও মো. মোখলেছুর রহমান।

গত ১০ আগস্ট হত্যাচেষ্টা মামলায় খায়রুল হককে অন্তর্বর্তীকালীন জামিন দেন হাইকোর্ট। একইসঙ্গে তাকে স্থায়ী জামিন দেওয়া হবে না কেন, তা জানতে চেয়ে রুল জারি করেন।

বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চ খায়রুলের করা জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে গত ২ জুলাই ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় খোয়াইবের মৃত্যুর ঘটনায় যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় খায়রুলের জামিন বহাল রাখেন আপিল বিভাগের চেম্বার আদালত।

পরে বনানী থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

এর আগে আরও সাতটি মামলায় জামিন পান খায়রুল।

গত বছরের ২৪ জুলাই ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে নয়টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়।