২ বছর পর তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

দুই বছর বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার তিতাস নদীতে আবারও ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার বিকেলে শহর-সংলগ্ন তিতাসের শিমরাইলকান্দি থেকে মেড্ডা পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে ৯টি নৌকা অংশ নেয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য খালেদ হোসেন মাহবুব শ্যামল।

এদিকে, নৌকাবাইচকে ঘিরে তিতাসের দুই পাড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। সকাল থেকেই দূরদূরান্ত থেকে ছোট-বড় নৌকা নিয়ে দর্শনার্থীরা নদীর তীরে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই নদীর দুই পাড় নৌকায় প্রায় সয়লাব হয়ে যায়। নদীর পশ্চিম পাড়ের উঁচু ভবন ও বিভিন্ন স্থাপনাতেও প্রতিযোগিতা দেখতে ভিড় করেন উৎসুক মানুষ।

দুর্ঘটনা রোধ ও শৃঙ্খলা বজায় রাখতে এবার প্রতিযোগিতায় অংশ নেওয়া নৌকায় সাউন্ড সিস্টেম ও নাচ নিষিদ্ধ করে জেলা প্রশাসন।

প্রতিযোগিতা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি খালেদ হোসেন মাহবুব শ্যামল। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ, জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, মাদ্রাসা শিক্ষার্থীদের আপত্তির কারণে ২০২৪ ও ২০২৫ সালে ব্রাহ্মণবাড়িয়ায় কোনো নৌকাবাইচ অনুষ্ঠিত হয়নি।