মিরপুরে বাসার গ্রিল কেটে স্বর্ণালংকার-টাকা চুরি

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর মিরপুরে এক দন্ত চিকিৎসকের ফ্ল্যাটের লোহার গ্রিল কেটে প্রায় ২৫ লাখ ৯০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে।

মিরপুরের ৬ নম্বর সেকশনের এ ব্লকের ৫ নম্বর সড়কের একটি ভবনের নিচতলায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় চিকিৎসক কানিজ ফাতেমা বিনতে আলম মিরপুর মডেল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।

এজাহারে বলা হয়, ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে থাকেন কানিজ। সেখানেই নিজের চেম্বার পরিচালনা করেন। পারিবারিক একটি কাজে গত ১৬ সেপ্টেম্বর ফ্ল্যাটে তালা দিয়ে তিনি রাজশাহী যান। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় ফেরার পথে বাড়ির মালিক তাকে ফোন করে জানান, ফ্ল্যাটের তালা ভাঙা ও ভেতরে লাইট জ্বলছে। তিনি বাসায় ফিরে পুলিশের সঙ্গে ফ্ল্যাটে ঢুকে দেখেন, দুটি কক্ষের আসবাবপত্র এলোমেলো এবং একটি কাঠের আলমারি ভাঙা। ফ্ল্যাট থেকে প্রায় ২১ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের ৮ ভরি ১২ আনা স্বর্ণালংকার, নগদ ৪ লাখ টাকা ও একটি বাটন মোবাইল ফোন চুরি হয়েছে।

কানিজ দ্য ডেইলি স্টারকে বলেন, পাঁচতলা ভবনে কোনো নিরাপত্তাকর্মী ছিলেন না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত ৩টা ১৭ মিনিটের দিকে একজন ওই বাড়িতে ঢোকেন এবং ৩টা ৫৮ মিনিটে বের হয়ে যান।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল ইসলাম বলেন, সিসিটিভি ফুটেজে দেখা ব্যক্তিকে শনাক্ত এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের চেষ্টা করছে পুলিশ।