মিরপুরে উচ্ছেদ অভিযানে সমন্বয়হীনতায় সংঘর্ষ: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজধানীর মিরপুরে হকার উচ্ছেদ অভিযানে সংঘর্ষ এবং কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বুধবার সচিবালয়ে দুর্গাপূজার নিরাপত্তা সংক্রান্ত সভা শেষে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে আমি যতটুকু জানতে পেরেছি, আমি তদন্ত করতে বলেছি।
তিনি বলেন, আমি জেনেছি, এখানে দায়িত্বপ্রাপ্ত যিনি ম্যাজিস্ট্রেট ছিলেন সিটি করপোরেশনের, পুলিশের সঙ্গে সঠিকভাবে যোগাযোগটা সম্পন্ন করেননি।
তিনি আরও বলেন, সমন্বয়ের অভাব ছিল বলে আমার মনে হয়েছে। তারপরও আমরা তদন্ত করতে দিয়েছি।
সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কি না—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা জননিরাপত্তা নিশ্চিত করতে চেষ্টা চালাচ্ছি অব্যাহতভাবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা চালাচ্ছি অব্যাহতভাবে।
তিনি বলেন, এখানে একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা সামনে নিয়ে এসে সার্বিক দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির মূল্যায়ন করাটা ঠিক হবে না।
রাজনৈতিক প্রভাবে ভূমি দখল ও চাঁদাবাজির ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগ সম্পর্কে মন্ত্রী বলেন, আমরা নির্মোহভাবে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীকে অপরাধী হিসেবে ট্রিট করছি।
তিনি বলেন, ৯৯৯- এ কল আসার সঙ্গে সঙ্গে পুলিশ যাচ্ছে। গ্রেপ্তার করা হচ্ছে, মামলা নেওয়া হচ্ছে।
তিনি এসব ঘটনা মোকাবেলায় পুলিশ বা সরকারের ব্যর্থতার অভিযোগ নাকচ করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, দায়ভার তখন থাকে, যখন কোনো ঘটনায় আমরা অ্যাকশন নিই না, তখন; পুলিশ যখন ব্যর্থ হয়, তখন। এখানে পুলিশের ব্যর্থতাও নাই, সরকারের ব্যর্থতাও নেই।
রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনার প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, একজন পুলিশ কর্মকর্তার দায়িত্ব অবহেলা পাওয়া গেছে, তাকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিংস শুরু হয়েছে।
এই ঘটনায় এক সংসদ সদস্যের জড়িত থাকার অভিযোগ নিয়ে মন্ত্রী বলেন, সেটা তদন্তাধীন এবং এই বিষয়ে আমরা কাউকে ছাড় দেব না, যদি সংশ্লিষ্টতা পাওয়া যায়।