ময়মনসিংহ সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের ‘হামলার’ অভিযোগ, গুলিতে নিহত ১
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে বিজিবির টহলদলের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। এসময় বিজিবির এক সদস্যের ‘অসাবধানতাবশত’ গুলিতে এক চোরাকারবারি নিহত হয়েছেন। এ ঘটনায় বিজিবির অপর এক সদস্য আহত হয়েছেন বলেও জানিয়েছে সংস্থাটি।
আজ সোমবার ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে হালুয়াঘাট তেলিখালী বিওপির আওতাধীন জলজলিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গোপন সংবাদ পেয়ে জলজলিয়া এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে চারটি গরু আটক করে বিজিবির টহল দল। আটককৃত গরু নিয়ে ফেরার পথে সংঘবদ্ধ চোরাকারবারিরা বিজিবি সদস্যদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।’
তিনি আরও বলেন, ‘চোরাকারবারিদের প্রথমে মৌখিকভাবে সতর্ক করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে সতর্কতামূলক ৩-৪ রাউন্ড গুলি ছোড়া হয়। এরপরও তারা সরে না গিয়ে বিজিবির এক সদস্যের ওপর পেছন দিকে থেকে হামলা করে। এসময় ওই বিজিবি সদস্য দ্রুত পেছন দিকে ফিরলে তার অস্ত্র থেকে “অসাবধানতাবশত” একটি গুলি চোরাকারবারির শরীরে বিদ্ধ হয়।’
পরে তাকে দ্রুত হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন জানান, নিহত রুমান (৩২) হালুয়াঘাট উপজেলার বেতকুতি গ্রামের আলাল উদ্দিনের ছেলে।
আহত বিজিবির নায়েক রফিক প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান তিনি।
ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বিজিবি জানিয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ ও নিরাপত্তা নিশ্চিত করতে তাদের নিয়মিত অভিযান ও টহল অব্যাহত রয়েছে।