যশোরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বেনাপোল

যশোর শহরে অভিনেতা সমু চৌধুরীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে শহরের বেজপাড়া নলডাঙ্গা এলাকায় অভিনেতার বাসার সামনে এ ঘটনা ঘটে।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সমু চৌধুরী (৬০) ওই এলাকার প্রয়াত আবুল কাশেম চৌধুরীর ছেলে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বর্জ্য ফেলা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা নিয়ে সমু চৌধুরীর সঙ্গে তার বাড়ির সামনের একটি মোটরসাইকেল গ্যারেজের কর্মচারীদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গ্যারেজের জাহাঙ্গীর (৩৬) ও হৃদয় (৩২) নামের দুইজন লাঠি দিয়ে সমুর মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে যান।

ওসি কবির হোসেন বলেন, এ ঘটনায় দুইজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।