গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের সপ্তাহব্যাপী কর্মসূচি

স্টার অনলাইন রিপোর্ট

সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ও ‘ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখে দিতে’  ঢাকাসহ বিভিন্ন মহানগর এবং জেলায় বিক্ষোভসহ লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজনের মতো কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।

আজ মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে দুপুরে আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির  মাওলানা মামুনুল হক।

ঘোষিত কর্মসূচি অনুসারে আগামী ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও গণসংযোগ করবেন ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা।

এছাড়া ১১ এপ্রিল দেশের সকল মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল একই কর্মসূচি পালিত হবে সকল জেলায়।
১৩ এপ্রিল ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।

মামুনুল হক বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা রকম ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টত মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে।

তিনি বলেন, দায়িত্বশীল জায়গা থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তনকে আমরা রুখে দিব। আমরা গণভোটের রায় যেভাবে হোক কার্যকর করব। আমরা এই দাবির পক্ষে অব্যাহতভাবে কর্মসূচি পালন করে যাব।