চট্টগ্রাম মহানগর এনসিপির আহ্বায়ক কমিটি ঘোষণা
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬ মাসের জন্য চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি গঠন করেছে। ১৬৮ সদস্যের এ কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এনসিপির অফিশিয়াল ফেসবুক পেজে দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গত বছরের ৯ আগস্ট গঠিত এনসিপির চট্টগ্রাম মহানগর সমন্বয় কমিটিতে মোহাম্মদ শোয়াইব ও আরিফ মঈনুদ্দিন যুগ্ম সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরিফ মঈনুদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, দীর্ঘ সময় পর দলটি একটি অন্তর্ভুক্তিমূলক কমিটি গঠন করেছে। চট্টগ্রামে যারা তৃণমূল পর্যায়ে সক্রিয়ভাবে রাজনীতি করেছেন, তাদের কমিটিতে রাখা হয়েছে। আমরা আশা করছি, এটি ইতিবাচক ফল বয়ে আনবে।
এদিকে, কমিটির কয়েকজন নেতা ফেসবুকে আর্থিক লেনদেনের মাধ্যমে কমিটি গঠনের অভিযোগ তুলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।