পল্লী বিদ্যুতায়ন বোর্ডে সমন্বয় সভা: নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে জোর
ঢাকার খিলক্ষেতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডে অনুষ্ঠিত এক সমন্বয় সভায় নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
আজ সোমবার আয়োজিত এই সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সভায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার বর্তমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গ্রাহকদের জন্য নিরবচ্ছিন্ন ও মানসম্মত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার ওপর জোর দেওয়া হয়।
এ সময় সংশ্লিষ্টরা জানান, গ্রাহকসেবার মান বাড়ানো, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন কমানো এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে সেবাকে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি বিতরণ ব্যবস্থার সক্ষমতা বাড়াতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের কথাও তুলে ধরা হয়।
সভায় অংশগ্রহণকারীরা বিদ্যুৎ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে পারস্পরিক সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তারা বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি।