শিল্পকলায় ৪ দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তী উৎসব শুরু হচ্ছে কাল
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উদযাপন করতে চার দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
রাজধানীর জাতীয় নাট্যশালায় আগামীকাল ৮ মে থেকে ১১ মে পর্যন্ত ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত এই উৎসবে রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি, আলোচনা সভা, নাট্য প্রদর্শনী ও শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এছাড়া দেশব্যাপী জেলা পর্যায়ের শিল্পকলা একাডেমিগুলোতেও একইরকম আয়োজন রাখা হয়েছে।
আগামীকাল অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।
প্রধান আলোচক হিসেবে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন আহমেদ স্টালিন।
৯ মে আয়োজনের দ্বিতীয় দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। অধিবেশনে সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক সচিব কানিজ মওলা।
১০ মে আয়োজনের তৃতীয় দিনে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং তথ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান উপস্থিত থাকবেন।
১১ মে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। সমাপনী সন্ধ্যায় নাট্যদল ‘প্রাচ্যনাট’ আজাদ আবুল কালামের নির্দেশনায় রবীন্দ্রনাথের নাটক ‘অচলায়তন’ মঞ্চস্থ করবে।
রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে ১০ মে জাতীয় চিত্রশালা ভবনের ২ নম্বর গ্যালারিতে ‘রবির চিত্র, চিত্রে রবি’ শীর্ষক একটি বিশেষ শিল্প প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীটি ২৩ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
শিল্পকলা একাডেমির সব আয়োজনই দর্শকদের জন্য উন্মুক্ত।