শাহজালালে ৩ কোটি টাকার সোনা উদ্ধার

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় তিন কোটি টাকা মূল্যের পাঁচ কেজি ৮০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

ঢাকার প্রিভেন্টিভ টিম আজ (৩০ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এই সোনা উদ্ধার করে।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার সাজ্জাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারী করতে থাকেন।

নজরদারী ও তল্লাশির একপর্যায়ে বোর্ডিং ব্রিজ নং-৮ এ সকাল ৮টা ৪০ মিনিটে মাসকাট থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট নং-বিজি০২২ ২২সি সিটের নিচে সুকৌশলে লুকানো অবস্থায় ৫০টি সোনার বার পাওয়া যায়। সেগুলোর মোট ওজন পাঁচ কেজি ৮০০ গ্রাম।

আটককৃত সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।