রুম্পার বন্ধু সৈকত ৪ দিনের রিমান্ডে

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যা মামলায় তার ঘনিষ্ঠ বন্ধু আবদুর রহমান সৈকতকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ (৮ ডিসেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম মামুনুর রশীদ এই আদেশ দেন।

দুপুরে সৈকতকে রাজধানীর মিন্টো রোডের গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়। ডিবি পরিদর্শক শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস সৈকতকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন।

এর আগে, এই হত্যা মামলায় সৈকতকে গ্রেপ্তার দেখায় গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল জিজ্ঞাসাবাদের জন্য সৈকতকে ডিবি সদস্যরা ডেকে আনার পর, আজ তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধেশ্বরী এলাকা থেকে রুম্পার লাশ উদ্ধার করা হয়। শান্তিবাগে যে বাড়িতে রুম্পা থাকতেন সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী সার্কুলার রোডের আয়েশা শপিং কমপ্লেক্সের পেছনে তার মরদেহ পাওয়া যায়। শপিং সেন্টারের পাশাপাশি আরও দুটি বাড়ি রয়েছে সেখানে। এগুলোর যেকোনো একটির উঁচু থেকে মাটিতে আছড়ে পড়ে সে।

ঘটনার আগে রুম্পা তার ব্যাগ ও মোবাইল ফোন বাসায় রেখে গিয়েছিল। মাকে ফোন করে বলেছিল, জরুরি একটা কাজে বাইরে যাচ্ছে। এর পর থেকে বাড়ির আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি তার।

গতকাল রুম্পার বাবা রোকন উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেছেন, “আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সে আত্মহত্যা করতেই পারে না।”

আরও পড়ুন:

রুম্পার বন্ধু গ্রেপ্তার

রুম্পাকে হত্যা করা হয়েছে: বাবা