শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল
ম্যাচটা যেন ধীরে ধীরে অতিরিক্ত সময়ের দিকেই এগিয়ে যাচ্ছিল। জাপানের দুর্দান্ত রক্ষণ আর জায়ন সুজুকির দারুণ সেভে বারবার হতাশ হচ্ছিল ব্রাজিল। কিন্তু শেষ মুহূর্তে এসে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা দেখাল তাদের চিরচেনা জয়ের মানসিকতা। বদলি হিসেবে নামা গ্যাব্রিয়েল মার্তেনেল্লির নাটকীয় গোলে অবশেষে জাপানের প্রতিরোধ ভেঙে জয় তুলে নিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে কার্লো আনচেলত্তির দল।
হিউস্টন স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাতে ফিফা বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচের প্রথমার্ধ শেষে জাপানকে ২-১ গোলের ব্যবধানে জয় তুলে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কাইশু সানোর গোলে পিছিয়ে পড়ার পর সেলেসাওদের হয়ে সমতা ফিরিয়েছিলেন কাসেমিরো।
শুরুর বাঁশি থেকেই ব্রাজিল বলের দখল রাখলেও জাপান ছিল দারুণ সংগঠিত। শক্ত রক্ষণ আর আক্রমণে দ্রুত পাল্টা জবাব দিয়ে কার্লো আনচেলত্তির দলকে চাপে রাখে তারা। ২৯তম মিনিটে সেই চাপই ফল এনে দেয়। মাঝমাঠে কাসেমিরোর ভুল পাস কেড়ে নেন কাইশু সানো। এরপর দূরপাল্লার দুর্দান্ত শটে আলিসনকে পরাস্ত করে জাপানকে এগিয়ে দেন তিনি।
বিরতির আগে সেই ধাক্কা সামলাতে পারেনি ব্রাজিল। তবে দ্বিতীয়ার্ধে বদলে যাওয়া এক দল হয়ে মাঠে নামে তারা। আনচেলত্তি বদলি হিসেবে নামান এন্দ্রিককে, আর তাতেই গতি ফিরে পায় সেলেসাওদের আক্রমণ। তাতে আক্রমণের তীব্রতাও বাড়ে।
৫৬তম মিনিটে সমতায় ফেরে ব্রাজিল। গ্যাব্রিয়েল মাগালহায়েসের নিখুঁত ক্রসে উড়ে এসে শক্তিশালী হেডে গোল করেন কাসেমিরো। গোলের দুই মিনিট পরই প্রায় অবিশ্বাস্য এক গোল করে ফেলেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। মাঝমাঠ থেকে দৌড়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে নেওয়ার পর তাঁর শট পোস্টে লেগে ফিরে আসে।
এরপরও একাধিকবার গোলের সুযোগ তৈরি করলেও দুর্দান্ত গোলকিপিংয়ে জাপানকে বাঁচিয়ে রাখেন জায়ন সুজুকি। ম্যাচ যত শেষের দিকে গড়িয়েছে, ততই নিজেদের অর্ধে সঙ্কুচিত হয়ে পড়ে জাপান। ব্রাজিল একের পর এক আক্রমণ চালিয়েও সফল হতে পারছিল না।
অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ।
যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে নিজেদের বক্সের সামনে বল হারান আও তানাকা। সুযোগটি লুফে নেন ব্রুনো গিমারায়েস। তার চমৎকার থ্রু পাস ধরে এক টাচে নিয়ন্ত্রণে এনে বাঁ পায়ের নিখুঁত শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠান গ্যাব্রিয়েল মার্তেনেল্লি। সেই গোলেই ২-১ ব্যবধানে জয় নিশ্চিত হয় ব্রাজিলের।
এই জয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে নরওয়ে অথবা আইভরি কোস্ট। অন্যদিকে দুর্দান্ত লড়াই করেও শেষ মুহূর্তের হতাশা নিয়েই বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো জাপানকে।