দুই সিটিতে ইভিএমসহ নির্বাচন সামগ্রী বিতরণ
রাত পোহালেই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন। এ উপলক্ষে আজ কেন্দ্রগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচন সামগ্রী বিতরণ করেছেন দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা।
দুই সিটি করপোরেশনে আটটি করে মোট ১৬টি কেন্দ্র থেকে বিতরণ করা হয়েছে নির্বাচন সামগ্রী। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগীতায় প্রিসাইডিং কর্মকর্তারা আজ সকাল ৮টায় নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হন। ইভিএম ও অন্যান্য নির্বাচন সামগ্রী বুঝে পেয়ে বাসে করে তারা কেন্দ্রের দিকে চলে যান।
মোহাম্মদপুরের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ এবং খিলগাঁও মডেল কলেজ কেন্দ্র থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচন সামগ্রীগুলো হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন আমাদের ফটোসাংবাদিক।
আজ সকালে নির্বাচন সামগ্রী বিতরণ শুরু হওয়ার পরে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র পরিদর্শন করেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে মোট দুই হাজার ৮৪৪টি ভোট কেন্দ্র রয়েছে। এছাড়া, মোট ভোটার সংখ্যা ৫৪ লাখ ৬৩ হাজার ৪৬৭।
আগামীকাল সকাল ৮টায় সিটি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। যা কোনো বিরতি ছাড়াই বিকেল ৪টা পর্যন্ত চলবে।