গ্রুপ ‘জে’: কোন দলের সামনে কী সমীকরণ
২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘জে’ থেকে এরই মধ্যে শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ সময় অনুসারে, আগামী ৪ জুলাই ভোরে মায়ামিতে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে তারা। তবে গ্রুপ রানার্সআপ হওয়ার লড়াই এখনো জমজমাট অস্ট্রিয়া ও আলজেরিয়ার মধ্যে।
গ্রুপ পর্বের শেষ রাউন্ডে একই সময়ে মুখোমুখি হবে আলজেরিয়া ও অস্ট্রিয়া এবং জর্ডান ও আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকাল আটটায় শুরু হবে ম্যাচ দুটি।
এক নজরে দেখে নেওয়া যাক শেষ ম্যাচ ডের আগে কোন দলের সামনে কী সমীকরণ:
আর্জেন্টিনা
এই গ্রুপ থেকে ইতোমধ্যে প্রথম স্থান নিশ্চিত করে শেষ বত্রিশে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। জর্ডানের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য কেবলই বেঞ্চ পরীক্ষা করার সুযোগ। নকআউট পর্বের আগে কোচ লিওনেল স্কালোনি এই ম্যাচে দলের মূল তারকাদের বিশ্রাম দেবেন বলেই ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়া
আলজেরিয়ার বিপক্ষে জিতলে বা ড্র করলেই শেষ বত্রিশের টিকিট নিশ্চিত হবে অস্ট্রিয়ার। জিতলে ৬ পয়েন্ট নিয়ে সরাসরি দ্বিতীয় স্থানে থাকবে তারা। ম্যাচ ড্র হলে দুই দলেরই পয়েন্ট হবে ৪। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় অস্ট্রিয়াই দ্বিতীয় স্থান পাবে।
হেরে গেলে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেমে যাবে অস্ট্রিয়া। সেক্ষেত্রে সেরা তৃতীয় স্থান অধিকারী আটটি দলের তালিকায় টিকে থাকার ওপর নির্ভর করবে তাদের ভাগ্য।
আলজেরিয়া
অস্ট্রিয়াকে হারাতে পারলেই সরাসরি নকআউটে চলে যাবে আলজেরিয়া। তবে ম্যাচটি ড্র হলে তারা দ্বিতীয় স্থান পাবে না। ৪ পয়েন্ট নিয়ে তাদের তৃতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হবে এবং সেরা আটটি তৃতীয় স্থান অধিকারী দলের একটি হিসেবে সুযোগ পেতে অপেক্ষায় থাকতে হবে।
আর হেরে গেলে ৩ পয়েন্ট এবং পিছিয়ে থাকা গোল ব্যবধান নিয়ে আলজেরিয়ার পরের রাউন্ডে যাওয়ার পথ অনেকটাই কঠিন হয়ে পড়বে।
জর্ডান
টুর্নামেন্ট থেকে ইতোমধ্যে বিদায় নিয়েছে জর্ডান। এমনকি অঘটন ঘটিয়ে আর্জেন্টিনার বিপক্ষে জিতলেও অস্ট্রিয়া ও আলজেরিয়ার কাছে হেড-টু-হেড রেকর্ডে পিছিয়ে থাকায় তাদেরকে পয়েন্ট তালিকার তলানিতেই থাকতে হবে।