আর্জেন্টিনার জার্সিতে মেসির যে রেকর্ডগুলো ভাঙা প্রায় ‘অসম্ভব’

স্পোর্টস ডেস্ক

বুয়েন্স এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাজবে শেষের বাঁশি। বেনিনের বিপক্ষে ম্যাচটি সমাপ্ত হতেই আকাশি-সাদা জার্সিতে চিরতরে থেমে যাবে লিওনেল মেসির জাদুকরী পদচারণা।

তবে আন্তর্জাতিক মঞ্চ থেকে বুটজোড়া তুলে রাখলেও এই মহাতারকা পেছনে রেখে যাচ্ছেন এক অমর রূপকথা। চারটি শিরোপা আর অসংখ্য ব্যক্তিগত অর্জনের সেই গল্পে মিশে থাকবে আনন্দ-অশ্রু।

২১ বছরের এই দীর্ঘ পথচলায় মেসি এমন চারটি রেকর্ড গড়েছেন, যা আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভাঙা প্রায় ‘অসম্ভব’।

সর্বোচ্চ গোলের চূড়ায়

আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি মেসির। ২০৭টি ম্যাচে তার গোলসংখ্যা ১২৫টি। ম্যাচপ্রতি গোলের গড় ০.৬০।

একসময় এই রেকর্ডের মালিক ছিলেন গাব্রিয়েল বাতিস্তুতা। তার ৫৬ গোলের রেকর্ড মেসি টপকে গেছেন বহু আগেই। বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসির সবচেয়ে কাছাকাছি আছেন লাউতারো মার্তিনেজ। তবে তার গোল কেবল ৪২টি। ব্যবধানটা তাই অনেক।

সবচেয়ে বেশি ম্যাচ খেলার কীর্তি

তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পক্ষে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটিও মেসির দখলে। এখন পর্যন্ত খেলেছেন ২০৭টি ম্যাচ। শুধু আর্জেন্টিনা নয়, গোটা দক্ষিণ আমেরিকা মহাদেশেই এটি সর্বোচ্চ।

আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে তার ঠিক পেছনে আছেন হাভিয়ের মাসচেরানো (১৪৭টি ম্যাচ)। এরপর আনহেল দি মারিয়া ও হাভিয়ের জানেত্তি খেলেছেন সমান ১৪৫টি করে ম্যাচ। ১৩৯টি ম্যাচ খেলা নিকোলাস ওতামেন্দি গত বিশ্বকাপের ফাইনাল শেষে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিয়েছেন।

বিশ্বকাপে গোল ও ম্যাচের রাজা

২০২৬ বিশ্বকাপে চতুর্থ শিরোপার দেখা আর্জেন্টিনা না পেলেও আসরটি মেসির ক্যারিয়ারে ঐতিহাসিক হয়ে থাকবে। বিশ্বকাপের মঞ্চে সর্বোচ্চ গোলদাতা হওয়ার লড়াইয়ে ফ্রান্সের কিলিয়ান এমবাপের সঙ্গে তার তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়।

এমবাপে ২২ গোল নিয়ে সবার ওপরে থাকলেও ২১ গোল নিয়ে আর্জেন্টিনার সেরা গোলদাতা মেসিই। স্বদেশিদের মধ্যে বাতিস্তুতা (১০), গিয়ের্মো স্তাবিল (৮) ও দিয়েগো ম্যারাডোনা (৮) আছেন অনেক পেছনে।

বিশ্বকাপ মঞ্চে আলবিসেলেস্তেদের হয়ে ও সব দেশ মিলিয়ে রেকর্ড ৩৪টি ম্যাচও খেলেছেন মেসি। একই দলের ম্যারাডোনা (২১) ও মাসচেরানো (২০) তার ধারেরকাছেও নেই।

বাছাইপর্বেও সবার ওপরে

লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বেও মেসি অপ্রতিরোধ্য। তার গোলসংখ্যা ৩১টি। বন্ধু ও ইন্টার মায়ামি সতীর্থ উরুগুয়ের লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে তিনি কনমেবলের বাছাইয়ের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা।

তাদের পেছনে আছেন বলিভিয়ার মার্সেলো মোরেনো মার্তিন্স (২২), চিলির আলেক্সিস সানচেজ (২০), আর্জেন্টিনার হার্নান ক্রেসপো (১৯) ও উরুগুয়ের এদিনসন কাভানি (১৭)।

পেছনে থাকা এই সবাই এরই মধ্যে ফুটবলকে বিদায় জানিয়েছেন। ফলে এখানেও মেসির সিংহাসন বেশ সুরক্ষিত।