ডিজিটাল ব্যাংকিংয়ে বিঘ্ন, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব বাংলাদেশ ব্যাংকের
কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের কারণে ৩১টি ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ায় এর অপারেটর আইটি কনসালট্যান্টস পিএলসির ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে তলব করেছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে দ্রুত কার্ড-সংক্রান্ত সেবা স্বাভাবিক করার নির্দেশ দেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক জানায়, কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের পর গত ৪ অক্টোবর রাত ৯টা থেকে কার্ড, এটিএম এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি)-সংশ্লিষ্ট বিভিন্ন সেবায় বিঘ্ন শুরু হয়। এতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক লেনদেনের ধারাবাহিকতা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।’
কিউ-ক্যাশের সিস্টেম আপগ্রেডের পর ৩১টি ব্যাংকের কার্ড লেনদেনসহ ডিজিটাল ব্যাংকিং সেবা বিঘ্নিত হওয়ার পর বাংলাদেশ ব্যাংক এ পদক্ষেপ নিয়েছে।
তবে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এনপিএসবি প্ল্যাটফর্মের সঙ্গে সরাসরি যুক্ত ব্যাংক, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী এবং অন্যান্য পেমেন্ট সেবা প্রদানকারীদের স্বাভাবিক লেনদেন অব্যাহত রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংক পরিচালিত অন্যান্য পেমেন্ট ব্যবস্থাও স্বাভাবিকভাবে চলছে। এর মধ্যে রয়েছে বাংলাদেশ অটোমেটেড চেক প্রসেসিং সিস্টেম (বিএসিপিএস), বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) এবং রিয়েল-টাইম গ্রস সেটেলমেন্ট (আরটিজিএস)।
বিঘ্ন অব্যাহত থাকাকালে গ্রাহকদের নিজ নিজ ব্যাংকের নির্দেশনা অনুসরণ এবং প্রয়োজন অনুযায়ী বিকল্প পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহারের পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।