মেসিকে থামানোর পরিকল্পনাই নেই বেনিনের
মেসিকে থামানোর কোনো বিশেষ পরিকল্পনা নেই বেনিনের! বরং আর্জেন্টিনার মহাতারকার বিপক্ষে মাঠে নেমে মুহূর্তটাকে উপভোগ করতেই চান আফ্রিকার দেশটির ফুটবলাররা। এমনকি মেসিকে আটকানোর কৌশল নিয়ে প্রশ্ন শুনে বেনিনের ডিফেন্ডার মোহাম্মদ তিজানি দিয়েছেন এমন উত্তরই।
আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে বুয়েনস এইরেসের রাস্তায় কেনাকাটা করতে দেখা যায় বেনিনের কয়েকজন ফুটবলারকে। তাদের মধ্যে ছিলেন তিজানিও। নিজের সন্তানদের জন্য কেনা আর্জেন্টিনা-থিমের একটি ইয়েরবা মাতে কাপ হাতে নিয়ে অবস্থায় মেসি সম্পর্কে প্রশ্ন করা হয় তাকে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম সিফাইভএনকে তিজানি বলেন, 'সে বিশ্বের সেরা খেলোয়াড়।'
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৮৯ নম্বরে থাকা বেনিন কীভাবে মেসিকে সামলাবে, এমন প্রশ্নের জবাবে অবশ্য কোনো জটিল কৌশলের কথা বলেননি এই সেন্টার-ব্যাক। বরং তার উত্তর ছিল বেশ সোজাসাপ্টা।
'আমাদের মেসিকে মার্ক করা উচিত নয়। আমরা এই ম্যাচটা উপভোগ করতে যাচ্ছি। মেসির বিপক্ষে খেলার জন্য কোনো বিশেষ পরিকল্পনা নেই। আমাদের শুধু ম্যাচটা উপভোগ করতে হবে, ব্যস,' বলেন তেজানি।
মেসির প্রতি নিজের শ্রদ্ধার কথাও আরও স্পষ্ট করে জানিয়েছেন তিজানি। বলেছেন, 'আমি ওকে এভাবেই দেখব। মেসি, তুমি ঈশ্বর। আমার কাছে সে বিশ্বের সেরা।'
তিজানির এই মুগ্ধতা অবশ্য শুধু তার একার নয়। সাক্ষাৎকারের মাঝেই কথা বলে ওঠেন বেনিন দলের চিকিৎসক। তার মুখেও মেসিকে নিয়ে একই রকম উচ্ছ্বাস, 'সে বিশ্বের সেরা! সে ফুটবলের ঈশ্বর!'
আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে মেসির শেষ ম্যাচ হতে যাচ্ছে বেনিনের বিপক্ষে এই ম্যাচটিকে। ফলে প্রতিপক্ষ দলের খেলোয়াড়দের কাছেও ম্যাচটি হয়ে উঠেছে বিশেষ এক স্মৃতি হয়ে থাকার সুযোগ।
বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টায় মাঠে নামবে আর্জেন্টিনা ও বেনিন।

