সদরঘাট থেকে লঞ্চ চলাচল শুরু

স্টার অনলাইন রিপোর্ট

ঢাকার সদরঘাট টার্মিনাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে লঞ্চ চলাচল আজ রোববার সকাল থেকে শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) যুগ্ম পরিচালক আলমগীর কবীর দ্য ডেইলি স্টারকে বলেন, ‘সদরঘাট থেকে সকাল সোয়া ৭টায় চাঁদপুরের উদ্দেশে রওনা হয়েছে।’

‘জীবাণুমুক্ত টানেলের ভেতর দিয়ে যাত্রীদের টার্মিনালে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে,’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এছাড়াও, আমরা হ্যান্ড স্যানিটাইজার দিচ্ছি। সামাজিক দূরত্ব বজায় রাখাতে আসন চিহ্নিত করে দিয়েছি।’

বিকালে বরিশালগামী লঞ্চ ছাড়লে তখন যাত্রীদের চাপ বেড়ে যেতে পারে বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের সাধারণ ছুটি ঘোষণার দুই দিন আগে ২৪ মার্চ লঞ্চ সার্ভিস বন্ধ করে দেওয়া হয়।

জনস্বাস্থ্যের বিষয় বিবেচনায় রেখে সরকার গত বৃহস্পতিবার সীমিত পরিসরে গণপরিবহণ চলাচলের অনুমতি দেয়।

সেই মোতাবেক আগামীকাল থেকে বাস সার্ভিস শুরু হওয়ার কথা রয়েছে।