সঙ্গে রাখুন প্রয়োজনীয় কিছু জিনিস
চলমান কোভিড-১৯ মহামারি কতোদিন স্থায়ী হতে পারে সেটি এখনও নিশ্চিত করে বলা যায় না। আবার মানুষের জীবন-জীবিকাও মহামারির কারণে দীর্ঘদিন থেমে থাকলে চলবে না। সেজন্যই মহামারি নিয়ন্ত্রণে লকডাউনের পর আবারও ধীরে ধীরে স্বাভাবিক জীবনযাপনে ফিরে যাওয়ার চেষ্টা করছে মানুষ।
তবে মহামারি চলাকালে সংক্রমণ প্রতিরোধে মানুষের দৈনন্দিন জীবনযাপনে পরিবর্তন করতে হবে অবশ্যই। যেটি এখন নুতন স্বাভাবিক (New Normal) হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
সংক্রমণ প্রতিরোধে সতর্কতা হিসেবে একটু কষ্ট হলেও এই নুতন স্বাভাবিক দৈনন্দিন জীবনে কিছু বাড়তি দ্রব্য সঙ্গে রাখতে হবে:
ফেসমাস্ক: রেডিমেড মাস্কের চেয়ে সুতি কাপড়ে ২/৩ লেয়ার দিয়ে কয়েকটি তৈরি করে নিতে পারেন। এগুলো ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে দীর্ঘদিন ব্যবহার করা যায়। পরিধান করাটি ছাড়াও অতিরিক্ত ২/১টি সঙ্গে রাখুন।
স্যানিটাইজার: সব জায়গায় সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা অন্তত বাংলাদেশে আশা করা যায় না। তাই স্যানিটাইজার সঙ্গে রাখুন।
ফেসশিল্ড/সানগ্লাস: যারা সার্বক্ষণিক চশমা ব্যবহার করেন তাদের ফেসশিল্ড ব্যবহার না করলেও চলে, তবে বাড়তি সতর্কতা হিসেবে পরিধান করলে অসুবিধা নেই। বাজারে এখন নানা ধরনের ফেসশিল্ড পাওয়া যাচ্ছে।
ভেজা আ্যন্টি সেপটিক টিস্যু: বাইরে কোনো কিছু স্পর্শ করার আগে মোছার কাজে এটি ব্যবহার করতে পারেন। স্যানিটাইজার দিয়েও মোছার কাজ করতে পারেন।
চামচ/কাটাচামচ, গ্লাস, প্লেট: বাইরে খাওয়া-দাওয়া করতে এগুলো ব্যবহার করতে পারেন। আজকাল এগুলো ডিসপোজাবল হিসেবে পাওয়া যায়।
হেলমেট: যারা ভাড়ায়চালিত মোটরবাইকে যাতায়াত করেন তাদের নিজস্ব হেলমেট ব্যবহার করতে হবে।
জায়নামাজ: যারা নামাজ পড়েন তাদের নিজস্ব জায়নামাজ সঙ্গে রাখতে হবে।
এম আর করিম রেজা: চিকিৎসক, ত্বক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ