আজ চালু হচ্ছে আরও ১১ আন্তঃনগর ট্রেন

স্টার অনলাইন রিপোর্ট

জনসাধারণের চলাচলের সুবিধার্থে আরও ১১টি আন্তঃনগর ট্রেন আজ বুধবার চালু হয়েছে।

এ নিয়ে মোট ১৯টি ট্রেন চলাচল শুরু করলো।

কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার আমিনুল হক দ্য ডেইলি স্টারকে বলেন, ‘তবে তিনটি ট্রেনের সাপ্তাহিক ছুটি থাকায় আজ ১৬টি ট্রেন চলছে।’

তিনি জানান, সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতিটি ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।

‘স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাত্রীদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্যে অনুরোধ করছি,’ যোগ করেন আমিনুল হক।

উল্লেখ্য, দেশে করোনা সংক্রমণের কারণে প্রায় দুই মাস রেল পরিষেবা বন্ধ থাকার পর গত ৩১ মে সীমিত আকারে তা চালু করা হয়।