ফরিদপুরে দুই ওসিসহ ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে যুবলীগ নেতার মামলা
ফরিদপুরে গোয়েন্দা পুলিশ (ডিবি) এর কার্যালয়ে নির্যাতনের অভিযোগে দুই ওসিসহ সাত পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেছেন এক যুবলীগ নেতা।
আজ মঙ্গলবার ফরিদপুরের এক নম্বর আমলী আদালতে মামলা করেন ভাঙ্গা উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাত হোসেন (৩৬)।
বাদীপক্ষের আইনজীব মো. কামালউদ্দিন জানান, আদালত আরাফাতের মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের দায়িত্ব দিয়েছেন। মামলার পরবর্তী দিন ধার্য করা হয়েছে আগামী ৭ জানুয়ারি।
যাদের বিরুদ্ধে মামলা হয়েছে, তারা হলেন-ফরিদপুর ডিবি পুলিশের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহাদুজ্জামান আহাদ, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুর রহমান, ভাঙ্গা থানার চার উপপরিদর্শক (এসআই) এবাদুল হক মোল্লা, আনিসুর রহমান, শামসুল হক সুমন ও রেজওয়ান মামুন এবং গোয়েন্দা পুলিশের এসআই শাহীন।
এজাহারে বলা হয়, গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কাউলিবেড়া বাজার এলাকা থেকে ৫/৬ জন পুলিশ সদস্য একটি মাইক্রোবাসে আরাফাতকে গাড়িতে তুলে নিয়ে যায় এবং গাড়িতেই মারধর করে। এসময় তাকে ক্রসফায়ারে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের গাড়িতে তুলে দেওয়া হয়। গোয়েন্দা পুলিশ তাকে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় গোয়েন্দা পুলিশের দপ্তরে নিয়ে লাঠি দিয়ে পেটায়।
গত ২১ সেপ্টেম্বর ডিবি কার্যালয়ে নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে পোস্ট করেন আরাফাত।
ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান বলেন, আদালত এ বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়েছেন। পিবিআই তাদের মত করে তদন্ত করবে। পাশাপাশি আমরাও বিষয়টি তদন্ত করে দেখছি। তদন্ত প্রতিবেদনের সুপারিশের আলোকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।