যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

স্টার অনলাইন রিপোর্ট

রাজধানীর যাত্রাবাড়ীর কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই জন হলেন— আনিসুর রহমান বাবুল (৫৫) ও তার ছেলে সাদমান রাহিম (২২)।

জানা গেছে, দুর্ঘটনায় পর গুরুতর আহত অবস্থায় বাবুলকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। আর তার ছেলে রাহিম ঘটনাস্থলেই মারা যান।

নিহত আনিসুরের শ্যালক মো. মাহমুদ স্বপন জানান, আনিসুর রহমান বাবুল দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে মাতুয়াইল মধ্যপাড়ার ৩৯ নম্বরস্থ নিজেদের বাসায় থাকতেন। গ্রিন রোডে তার টাইলসের ব্যবসা রয়েছে। আর বোরহানউদ্দিন কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন রাহিম।

তিনি বলেন, ‘সন্ধ্যার দিকে খবর পাই রাহিম ও তার বাবা যাত্রাবাড়ী কোনাপাড়া এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। তাদেরকে কোনাপাড়ার ফেমাস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানকার চিকিৎসকরা রাহিমকে মৃত ঘোষণা করেছে। তার মরদেহ বাসায় নিয়ে যাওয়া হয়েছে। আর আনিসুরকে মুমূর্ষু অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহতদের আত্মীয় জাকারিয়া আহমেদ জানান, বড় ছেলে রাহিম ও ছোট ছেলে ফাহিমসহ বাবা আনিসুর কোনাপাড়া মোটরসাইকেল সার্ভিস সেন্টারে গিয়েছিলেন। সেখান থেকেই একটি মোটরসাইকেলে রাহিম ও তার বাবা আনিসুর রহমান এবং আরেকটি মোটরসাইকেলে ছোট ছেলে ফাহিম ছিল। কোনাপাড়া ধার্মিকপাড়া এলাকায় রাহিম অন্য একটি মোটরসাইকেলকে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে তারা বাবা-ছেলে দুই জনেই গুরুতর আহত হয়।

আনিসুর রহমানের মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, তার মরদেহ মর্গে রাখা হয়েছে।