মধ্যপ্রাচ্য সংকটের আড়াই মাস পর চট্টগ্রামে পৌঁছাল তেলবাহী জাহাজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সরবরাহ সংকটের কারণে দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর দেশে এল অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) নতুন চালান।

আজ বুধবার দুপুরে প্রায় এক লাখ টন তেল নিয়ে ‘এমটি নাইনেমিয়া’ জাহাজটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় পৌঁছেছে।

চট্টগ্রাম বন্দর সচিব সৈয়দ রেফায়েত হামিম দ্য ডেইলি স্টারকে জানান, জাহাজটি দুপুর সাড়ে ১২টার দিকে কুতুবদিয়া আউটার অ্যাংকারেজে নোঙর করেছে।

ইস্টার্ন রিফাইনারির কর্মকর্তারা নিশ্চিত করেছেন, ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সংঘাতের জেরে গত মার্চ ও এপ্রিল মাসে কোনো ক্রুড অয়েলের চালান দেশে আসেনি। কাঁচামালের অভাবে রাষ্ট্রায়ত্ত একমাত্র এই শোধনাগারটির কার্যক্রম প্রায় বন্ধ হয়ে পড়েছিল। নতুন এই চালান পৌঁছানোয় জ্বালানি সরবরাহ পরিস্থিতিতে স্বস্তি ফিরবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

রিফাইনারি সূত্র জানায়, জাহাজ থেকে তেল খালাস করতে কয়েক দিন সময় লাগবে। এরপর ধাপে ধাপে উৎপাদন ইউনিটগুলো চালু করা হবে। আগামী ৯ মে থেকে পূর্ণ সক্ষমতায় পরিশোধন কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে। এতে করে দেশে ডিজেল, পেট্রলসহ অন্যান্য জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তথ্য অনুযায়ী, দেশের মোট জ্বালানি চাহিদার সিংহভাগ (প্রায় ৭৫-৮০ শতাংশ) সরাসরি পরিশোধিত তেল আমদানির মাধ্যমে মেটানো হয়। বাকি ২০-২৫ শতাংশ চাহিদা পূরণ হয় আমদানি করা অপরিশোধিত তেল ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধনের মাধ্যমে। বছরে গড়ে ১৫ থেকে ১৬ লাখ টন ক্রুড অয়েল এখানে পরিশোধন করা হয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সরবরাহ বিঘ্নে পরিশোধন কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি ব্যবস্থাপনায় যে চাপ তৈরি হয়েছিল, নতুন এই চালান আসায় তা অনেকটাই কেটে যাবে।