শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা, মুন্সিগঞ্জ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ করা হয়েছে। পদ্মা নদীতে ঝড়ো হাওয়া ও তীব্র ঢেউয়ের কারণে এসব নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডাব্লিউটিএ) শিমুলিয়া ঘাটের সহকারী পরিচালক মো. শাহদাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার বিকেল পৌনে ৪টার দিকে লঞ্চ চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বিআইডাব্লিউটিএ। লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে বন্ধের পর এ সব নৌযান ঘাট থেকে ছেড়ে যায়নি।

তিনি বলেন, ‘সকাল থেকে লঞ্চগুলো স্বাভাবিক চলাচল করছিল। এরপর বৈরি আবহাওয়ায় দুই নম্বর সতর্ক সংকেত দেওয়া হয় শিমুলিয়া ঘাটে। এমন পরিস্থিতিতে দুর্ঘটনা এড়াতে লঞ্চগুলোতে যাত্রী বহন করা হচ্ছে না। পাশাপাশি স্পিডবোট চলাচল বন্ধ আছে।’

এই নৌ-রুটে ৮২টি লঞ্চ ও চার শতাধিক স্পিডবোট চলাচল করে বলেও জানান তিনি।