জীবিত কাউন্সিলর প্রার্থীকে মৃত দেখিয়ে মানিকগঞ্জে চূড়ান্ত ভোটার তালিকা
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী ৭নং ওয়ার্ডের পৌলী এলাকার বাসিন্দা মো. কবির হোসেন। গতকাল জেলা নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনি। নির্বচানের প্রস্তুতি নিচ্ছেন। পোস্টার ছাপানো হয়ে গেছে। সে অনুযায়ী ভোটার তালিকায় দেখেন তার নাম বাদ পড়েছে।
আজ শুক্রবার সকালে কবির দ্য ডেইলি স্টারকে বলেন, ‘মনোয়নপত্রের সঙ্গে নির্বাচন অফিস থেকে ভোটার তালিকার একটি সিডি দিয়েছে। ভোটার তালিকা প্রিন্ট করার পর দেখতে পাই আমার নাম কাটা পড়েছে। আজ সকালে বিষয়টি আমি নির্বাচন অফিসকে অবহিত করেছি। আশা করছি, কর্তৃপক্ষ দ্রুততম সময়ের মধ্যে ভোটার তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করবেন।’
এ প্রসঙ্গে জানতে চাইলে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফসিার শেখ মো. হাবিবুর রহমান বলেন, ২০১৯ সালে ভোটার তালিকা হালনাগাদের সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা তথ্য সংগ্রহ করেছেন। ভুলবশত মৃত আফছার উদ্দিনের আইডির পরিবর্তে মো. কবির হোসেনের আইডি কাটা পড়েছে। আশা করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে সমস্যার সমাধান হবে এবং তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন।’
তফশীল অনুযায়ী, আগামী ২৮ ডিসেম্বর মানিকগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১ ডিসেম্বর, প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই ৩ ডিসেম্বর এবং ১০ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার করা যাবে।