রাবি সাংবাদিকের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ প্রত্যাহারে আল্টিমেটাম

নিজস্ব সংবাদদাতা, রাবি

সংবাদ প্রকাশের জেরে দৈনিক বাংলাদেশ প্রতিদিন’র রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ প্রত্যাহারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা।

আজ রোববার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানান সাংবাদিকরা। এসময় নির্দিষ্ট সময়ের মধ্যে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির পালনের ঘোষণা দেন তারা।

মানববন্ধনে রাবি রিপোর্টার্স ইউনিটির সভাপতি আরাফাত রহমান বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় সংবাদ প্রকাশ করেছিলেন সাংবাদিক মর্তুজা নুর। অভিযুক্ত ব্যক্তি তার কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা থেকে সাংবাদিককে হয়রানি করার উদ্দেশ্যে মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত এই অভিযোগ দায়ের করেছেন।’

‘এভাবে সাংবাদিকদের ওপর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার যেভাবে বিস্তৃত হতে শুরু করেছে, তা গোটা সাংবাদিক সমাজের জন্য হুমকি। সাংবাদিকেরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যদি এভাবে মিথ্যা অভিযোগ কিংবা মামলার মাধ্যমে হয়রানির শিকার হন, তবে অন্য ক্যাম্পাসগুলোতেও সাংবাদিকতার পথ আরও সংকুচিত হবে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবি জানাই’, বলেন তিনি।

রাবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক শাহিন আলম বলেন, ‘সম্প্রতি দুটি ঘটনার ভয়াবহতা আমাদের স্থির থাকতে দেয় না। যেখানে দেশের নানা শ্রেণি-পেশার মানুষ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি জানাচ্ছে, সেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের মামলায় একজন সংবাদকর্মীকে জেলে যেতে হয়েছে। এখন আবার অভিযোগ করা হচ্ছে, আরেক সাংবাদিক মর্তুজা নুরের বিরুদ্ধে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

রাবি প্রেসক্লাবের সভাপতি সালমান শাকিল বলেন, ‘ক্ষমতাসীনরা ক্ষমতার প্রভাব দেখাতে চাইছেন। তবে এ ক্ষমতা কাঠামো খুব বেশি দিনের নয়। রাবির এমন আরও অনিয়মের তথ্য সাংবাদিকদের কাছে আছে। তাই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ না দিয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার প্রস্তুতি নিতে শুরু করুন।’

রাবি রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি খুরশিদ রাজীবের সঞ্চালনায় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০ জন সংবাদকর্মী উপস্থিত ছিলেন।

গত শুক্রবার রাতে দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাবি প্রতিনিধি মর্তুজা নুরের বিরুদ্ধে ‘মিথ্যা সংবাদ পরিবেশন ও মানহানির’ অভিযোগ এনে মতিহার থানায় এই অভিযোগ দায়ের করেন বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজের প্রভাষক রুনা লায়লা।

আরও পড়ুন:

অনিয়মের সংবাদ প্রকাশ, রাবি সাংবাদিকের বিরুদ্ধে থানায় অভিযোগ

তথ্যপ্রযুক্তি আইনের মামলায় কারাগারে রাবি সাংবাদিক