নারায়ণগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জের সদর উপজেলায় আনুমানিক ১৭ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার নরসিংপুর এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন দ্য ডেইলি স্টারকে বলেছেন, ‘স্থানীয়রা মরদেহ দেখে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

‘নিহতের গলায়, ঘাড়ে, পিঠে, বুকে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেছেন, ‘এছাড়াও তাকে পেটে ছুরিকাঘাত করা হয়েছে।

‘ধারণা করা যাচ্ছে, তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ বলা যাবে,’ যোগ করেন ওসি।

তিনি আরও জানিয়েছেন, নিহতের পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ১৭ বছর। তার পরনে ছিল লাল চেক ফুল হাতা শার্ট ও নীল জিন্স প্যান্ট। পরিচয় জানার চেষ্টা চলছে।

কারা, কেন হত্যা করেছে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন তিনি।