ঢাকা-১৮ আসনে উপনির্বাচন

বাস পোড়ানোর মামলায় ১৭৮ বিএনপি নেতাকর্মীর আগাম জামিন

স্টার অনলাইন রিপোর্ট

যুবদলের ভাইস প্রেসিডেন্ট আব্দুল বাতেন শামীম এবং রবিউল আলমসহ ১৭৮ বিএনপি নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন আদালত। গত বছরের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর অভিযোগে দায়ের হওয়া ১৩টি মামলায় তাদের আসামি করা হয়েছে।

আজ বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চ ৩৬টি আবেদনের শুনানি নিয়ে তাদের আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত জামিন দেন। সেই সঙ্গে তাদের বিচারিক আদলতে আত্মসমর্পন করতে বলা হয়েছে।

আসামিপক্ষের আইনজীবী ছিলেন কায়সার কামাল ও গাজী কামরুল ইসলাম সজল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান লিখন।

গাজী কামরুল ইসলাম সজল দ্য ডেইলি স্টারকে বলেন, গত বছরের ১২ নভেম্বর ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে রাজধানীর বিভিন্ন স্থানে বাস পোড়ানোর অভিযোগে ১২ ও ১৩ নভেম্বর রাজধানীর বিভিন্ন থানায় পৃথক পৃথক ১৩টি মামলা দায়ের করে পুলিশ। জামিন আবেদন করা কেউ ওই ঘটনায় জড়িত না।