সরকারের আহ্বানে সাড়া: বিদ্যুৎ বাঁচাতে নিউজিল্যান্ড সিরিজের সময়ে পরিবর্তন

ক্রীড়া প্রতিবেদক

বিদ্যুৎ সাশ্রয়ে বাংলাদেশ সরকারের দেশব্যাপী আহ্বানে সাড়া দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি। বিদ্যুৎ বাঁচাতে কৃত্রিম আলো যতটা সম্ভব কম ব্যবহার করে ম্যাচগুলো এগিয়ে এনে দিনের আলোতে আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন এই কমিটির প্রধান তামিম ইকবাল।

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আগামী সোমবার বাংলাদেশে পা রাখছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হওয়ার সূচি রয়েছে। সেক্ষেত্রে প্রথম ইনিংসের শেষদিক থেকেই ফ্লাডলাইট ব্যবহারের প্রয়োজন পড়বে। অন্যদিকে, টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা থাকায় পুরো খেলাই কৃত্রিম আলোর নিচে অনুষ্ঠিত হওয়ার কথা।

বুধবার সন্ধ্যায় মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে অ্যাডহক কমিটির প্রথম সভা। এরপর সংবাদ সম্মেলনে তামিম বলেছেন, 'আপনারা জানেন যে, আমাদের বাংলাদেশ সরকার উৎসাহ দিচ্ছে, আমরা যতটুকু বিদ্যুৎ সাশ্রয় করতে পারি, যতটুকু এই ক্ষেত্রে আমরা সবাই মিলে জাতি হিসেবে সাহায্য করতে পারি। এই বিষয়গুলো মাথায় রেখে আমরা নিউজিল্যান্ড সিরিজের ম্যাচের সময় পরিবর্তন করছি। আমরা যতটুকু সম্ভব কৃত্রিম আলোর নিচে (ফ্লাডলাইট) খেলা কম রাখার চেষ্টা করব। আমি একদম নির্দিষ্ট সময়টা বলছি না, তবে একটা ধারণা দিতে পারি। যেমন— ওয়ানডে ম্যাচটা হয়তো সকাল ১১টা বা সাড়ে ১১টা থেকে শুরু হতে পারে। টি-টোয়েন্টি ম্যাচ হয়তো দুপুর ২টা বা আড়াইটা থেকে শুরু হতে পারে।'

সাবেক এই তারকা ওপেনার যোগ করেছেন, 'যেহেতু বিদ্যুৎ নিয়ে সরকার সবাইকে সাশ্রয়ী হতে উৎসাহ দিচ্ছে, তাই ক্রিকেট বোর্ড হিসেবে এবং ক্রিকেটারসহ আমরা সবাই মিলে ভাবলাম যে, আমাদেরও একটা ভূমিকা রাখা উচিত। আমরা মূলত সেটাই করছি। নির্দিষ্ট সময়সূচি আপনারা নিশ্চিতভাবেই সামনের দিনগুলোতে পেয়ে যাবেন। তবে আমি আপনাদের একটা ধারণা দিয়ে রাখলাম— যদি ফ্লাডলাইট ব্যবহার করতেও হয়, তবে তা যেন একদমই কম সময়ের জন্য করা হয়, যাতে আমরা যতটা সম্ভব বিদ্যুৎ বাঁচাতে পারি।'

সংবাদ সম্মেলনে বোর্ডের স্থায়ী কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণার পাশাপাশি ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্তের কথাও তুলে ধরেছেন তামিম। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ঘরোয়া পর্যায়ের নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।