পিএসএল থেকে ছিটকে যাওয়া ইমন নিউজিল্যান্ড সিরিজেও অনিশ্চিত

ক্রীড়া প্রতিবেদক

মাঠের লড়াইয়ে দারুণ ছন্দে ছিলেন বাংলাদেশের তরুণ ওপেনার পারভেজ হোসেন ইমন। কিন্তু চোটের কাছে হার মেনে মাঝপথেই শেষ হয়ে গেল তার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) যাত্রা। কাঁধের লিগামেন্টে চোট পাওয়ায় পিএসএল থেকে ছিটকে গেছেন তিনি, যা কিউইদের বিপক্ষে আসন্ন হোম সিরিজে তার অংশগ্রহণকেও বড় এক প্রশ্নচিহ্নের মুখে ঠেলে দিয়েছে।

গত ৩ এপ্রিল গাদ্দাফি স্টেডিয়ামে মুলতান সুলতানসের বিপক্ষে ম্যাচ ছিল লাহোর কালান্দার্সের। সেই ম্যাচেই ফিল্ডিংয়ের সময় আসিফ আলীর সঙ্গে এক অন-মাঠ সংঘর্ষে গুরুতর আঘাত পান ইমন। আজ লাহোর কালান্দার্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ‘ম্যাচ চলাকালীন সংঘর্ষের পর ইমনের এমআরআই করা হয়। রিপোর্টে তাঁর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার বিষয়টি ধরা পড়েছে। চিকিৎসকরা তাঁকে আগামী কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রামে থাকার এবং পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার পরামর্শ দিয়েছেন।’

পরিস্থিতি বিবেচনায় লাহোর কালান্দার্স তাঁকে দল থেকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং শীঘ্রই তার পরিবর্তে নতুন কাউকে নেওয়ার ঘোষণা দেবে তারা।

বাংলাদেশের টি-টোয়েন্টি পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই বাঁহাতি ওপেনার। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরু হতে যাচ্ছে আগামী ২৭ এপ্রিল থেকে। বিসিবি তাকে ২১ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার অনুমতি দিয়েছিল যেন তিনি নিউজিল্যান্ড সিরিজের আগেই দলের সঙ্গে যোগ দিতে পারেন। কিন্তু এখন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনি সুস্থ হতে পারবেন কি না, তা নিয়ে গভীর সংশয় তৈরি হয়েছে।

ব্যক্তিগতভাবে ইমনের জন্য এই টুর্নামেন্টটি ছিল নিজেকে প্রমাণের বড় মঞ্চ। প্রথমবারের মতো পিএসএলে সুযোগ পেয়ে ৩ ম্যাচে ১৬১.৩৬ স্ট্রাইক রেটে তিনি করেছেন ৭১ রান। বিশেষ করে মুলতান সুলতানসের বিপক্ষে ১৯ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংসটি সবার নজর কেড়েছিল।

সেই উজ্জ্বল ফর্মের রেশ থাকতেই আজ রাতে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে এই ওপেনারের। এখন সবার অপেক্ষা, চোট কাটিয়ে তিনি কত দ্রুত ২২ গজে ফিরতে পারেন।